আবনা : ফ্রান্সের বিতর্কিত রম্য সাপ্তাহিক ‘শার্লি এবদো’য় মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করে কার্টুন ছাপানোর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি মুসলমানরা।
ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে। গত সপ্তাহে মহানবী (সা.)-এর অবমাননাকর কার্টুন ছাপানোর পর ম্যাগাজিনের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয় এবং তাতে অন্তত ১২ জন নিহত হয়েছিল।
এ ঘটনার পর বুধবার শার্লি এবদোর প্রথম সংখ্যা প্রকাশ করা হয় এবং এতে হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করে ব্যঙ্গ চিত্র ছাপানো হয়। নতুন সংখ্যায় মহানবীর অবমাননাকর কার্টুন ছাপানোর পর ফ্রান্সের মুসলিম সংগঠনগুলো মুসলমান সম্প্রদায়কে শান্ত থাকার আগাম আহ্বান জানিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ফরাসি মুসলমানরা ম্যাগাজিনটির ন্যক্কারজনক তৎপরতার বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং নিন্দা প্রকাশ থেকে বিরত থাকতে পারেন নি।
ফরাসি এক মুসলমান প্রেসটিভিকে বলেন, ওরা মুসলমানদের উস্কে দেয়ার তৎপরতা অব্যাহত রেখেছে, একজন মুসলমানদের কাছে তার মা-বাবার চেয়ে অনেক বেশি সম্মানীয় রাসূল (সা), মুসলমানদের বিশ্বাসের প্রতি সম্মান জানানো কেন ওদের জন্য এত কষ্টকর কাজ হয়ে উঠছে?
শার্লি এবদোর ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ আরেক ফরাসি মুসলমান বলেন, আমি কাউকেই অবমাননা করতে চাই না, কিন্তু ফ্রান্স কেন মুসলমানদের মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে পারে না?
এদিকে, ফরাসি সাপ্তাহিকের এ হঠকারিতার তীব্র নিন্দা করেছে বিশ্বের ধর্মীয় নেতারা এবং এ তৎপরতাকে তারা সরাসরি মুসলমানদের প্রতি অবমাননা বলে অভিহিত করেছেন।#
১৫ জানুয়ারি ২০১৫ - ১৭:১১
News ID: 665063
ফ্রান্সের বিতর্কিত রম্য সাপ্তাহিক ‘শার্লি এবদো’য় মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করে কার্টুন ছাপানোর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি মুসলমানরা।